বিএনপিতে 'যোগাযোগ' আ.লীগে কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে দলীয় কর্মীদের সচল রাখতে কর্মিসভা করছে স্থানীয় আওয়ামী লীগ। অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা কর্মী-সমর্থকদের সঙ্গে শুধু যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
৯ থেকে ১২ ডিসেম্বর শেরপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন রাতে একটি থেকে দুটি ওয়ার্ডে চলছে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কর্মিসভা। এসব সভায় উপস্থিত থাকছেন সংগঠনের নেতারা।
এসব সভা প্রসঙ্গে শেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বলেন, সাংগঠনিকভাবে ওয়ার্ড কমিটির সঙ্গে তাঁদের নিয়মিত বৈঠক হয়ে থাকে। পৌরসভা নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে। এ কারণে দলীয় কর্মীদের আরও বেশি করে সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, শেরপুর শহর বিএনপির সভাপতি বি এইচ এম কামরুজ্জামান বলেন, তাঁরাও দলীয় প্রার্থীর পক্ষে গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সভা করেছেন। তাঁরা আওয়ামী লীগের মতো বৈঠক না করলেও ওয়ার্ডভিত্তিক দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
গতকাল শনিবার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী বলেন, তিন নেতার প্রার্থী হওয়া নিয়ে স্থানীয়ভাবে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছিল। বিভক্তির অবসান ঘটাতে এসব বৈঠক করা হচ্ছে।