বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আদালত বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল রোববার সকাল থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিচারকাজ না চলায় দুর্ভোগে পড়েন শত শত বিচারপ্রার্থী। তবে সকালে কয়েকজন বিচারক এজলাসে বসলেও বিএনপিপন্থী আইনজীবীরা তাঁদের কর্মসূচির কথা বলে বিচারকদের এজলাস থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, বিএনপিপন্থী আইনজীবীদের ডাকে সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে নিয়মিত মামলার শুনানি হয়নি। দুপুর থেকে পুনরায় আদালতে কার্যক্রম চলে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল আদালত প্রাঙ্গণে।
আইনজীবী চন্দন সরকারসহ সারা দেশে খুন, গুম, অপহরণের প্রতিবাদে গত শনিবার ঢাকায় বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এরই প্রতিবাদে গতকাল সারা দেশে আদালত বর্জনের ডাক দেওয়া হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সহসভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বেলা একটা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আদালত বর্জন কর্মসূচিতে সবাই সাড়া দিয়েছেন।’