বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৪-১৫) বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। নীল প্যানেল থেকে মোট ১৪টি পদে সভাপতি, সম্পাদকসহ ১৩ জন নির্বাচিত হয়েছেন।

নীল প্যানেলের খন্দকার মাহবুব হোসেন সভাপতি এবং মাহবুব উদ্দিন খোকন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের মোর্চা  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছেন।

১৪টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ২৮ জন ও স্বতন্ত্র থেকে সাতজনসহ মোট ৩৫ জন অংশ নিয়েছিলেন।

সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল মতিন খসরু এক হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। সম্পাদক পদে থেকে মাহবুব উদ্দিন খোকন এক হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাদা প্যানেলের প্রতিদ্বন্দ্বী রবিউল আলম এক হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদী জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মাসুদ আহমেদ সাঈদ, সহকারী সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার জয়ী হন। সদস্য সাতটি পদের মধ্যে সাদা প্যানেল থেকে আবুল কালাম আজাদ নির্বাচিত হন। অপর ছয়টি পদে নীল প্যানেল থেকে আফসানা রশিদ, মোহাম্মদ আসাদুজ্জামান আনসারী, মোস্তফা কামাল, আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু নির্বাচিত হন।

গত বুধ ও গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে নির্বাচন উপকমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী ফল ঘোষণা করেন। আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, মোট চার হাজার ৫৭ জন ভোটারের মধ্যে তিন হাজার ১৩৭ জন ভোট দিয়েছেন।