বিএনপিপন্থী একজনের বিক্ষোভ অন্যজনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়রপদপ্রার্থী আমিন উর রশিদের সমর্থকরা গতকাল মঙ্গলবার নগরীতে বিক্ষোভ করে। তাঁরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন না করে তফসিল ঘোষণা করায় ওই বিক্ষোভ করে। তবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়রপদপ্রার্থী মনিরুল হক নগরীর নোয়াগাঁও এলাকায় গণসংযোগ করেছেন। সূত্র মতে, গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষনার কিছুক্ষনের মধেই আমিন উর রশিদের সমর্থকরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদলের সভাপতি আমিরুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। মোস্তাক মিয়া বলেন, ‘বিতর্কিত নির্বাচন কমিশনারের ওই তফসিল আমরা মানি না। ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন না করলে বিএনপির এ নির্বাচনে না যাওয়ার সম্ভাবনাই বেশি।’ এদিকে সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক গতকাল দুপুরে নগরীর নোয়াগাঁও এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কাইমুল হক, যুবদলের সাবেক সহসভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর প্রমুখ। এ ব্যাপারে মনিরুল হক বলেন, ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নেবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা তা দলীয় শীর্ষ নের্তৃত্ব নির্ধারণ করবে। প্রতিক্রিয়া: নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণার পর গতকাল নগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের অনুসারীসহ ভোটারদের মধ্যে উল্লাস দেখা গেছে। মেয়র পদে কে পাচ্ছেন, আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সমর্থন, তা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। তফসিল ঘোষণার পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ষড়যন্ত্রকারীদের নীলনকশা ভেঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার ঘোষণা সুস্থ রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ারই লক্ষণ। কমিশনের উদ্যোগকে স্বাগত জানাই। জাতীয় পার্টির জেলা শাখার আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম বলেন, ‘অনেকে চক্রান্ত করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিলো। সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক আলী আকবর বলেন, কুমিল্লার উন্নয়নকে তরান্বিত করতে নির্ধারিত সময়ে নির্বাচনের ঘোষণা নগরবাসীর প্রত্যাশাকে পূরণ করেছে।