বিএনপিপন্থী প্যানেলের ভরাডুবি, আ.লীগ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল পরাজিত হয়েছে। সমিতিতে বিএনপিকে সমর্থন করেন এমন আইনজীবীর সংখ্যা বেশি হলেও দলটির ভরাডুবি হয়।
গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত প্যানেল সভাপতিসহ তিনটি পদে জয় পেয়েছে। আর আওয়ামীপন্থীরা জয়লাভ করেছেন সাধারণ সম্পাদকসহ নয়টি পদে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার এ টি এম নাজমুল হুদা এ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থী আবদুল হালিম ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্দ্রনাথ রায় পান ৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুর রহিম ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী শাহ আজিজার রহমান পেয়েছেন ৭২ ভোট।
আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে আবদুস সালাম, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, কমনরুম সম্পাদক পদে নবাব সলিমুল্লাহ, গ্রন্থাগার সম্পাদক পদে নাসির ইসলাম, কার্যকরী সদস্যপদে খান সামসুদৌলাহ, জাকির হোসেন তালুকদার, আনোয়ার হোসেন ও আবু হাসান নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে সিরাজুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম বিজয়ী হন। জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সদস্য ১৬২ জন। তাঁদের মধ্যে বিএনপি-সমর্থক সদস্যের সংখ্যা ৯০-৯৫ এবং আওয়ামী লীগ-সমর্থক সদস্যের সংখ্যা ৬৫-৭০ জন হতে পারে। নবনির্বাচিত সভাপতি আবদুল হালিম বলেন, ‘আমরা মনে করেছিলাম পুরো প্যানেলেই জিতব। মনোনয়নবঞ্চিত একজনই সব এলোমেলো করে দিয়েছেন।’
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেন, ‘সমিতিতে আওয়ামী মনা আইনজীবীর সংখ্যা কম, এটা ঠিক। প্রচারণা চালানোর কৌশলের কারণে বিএনপি-সমর্থক আইনজীবীরাও আমাদের প্রার্থীদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বলতে পারেন, মনোনয়ন নিয়ে বিএনপির আইনজীবীদের মধ্যে বিশৃঙ্খলা আওয়ামী লীগ-সমর্থিত পরিষদের জেতার পেছনে সহায়ক হিসেবে কাজ করেছে।’