বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রলীগ নেতা হাতাহাতি
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতির হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ করে আসছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগ-বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য সোনালী দলের শিক্ষকেরা গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম ওই পথ দিয়ে যাওয়ার সময় এক শিক্ষককে ধাক্কা দেন বলে অভিযোগ করে শিক্ষকেরা তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শিক্ষকদের কয়েকজনের সঙ্গে আমিনুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে।