বিএনপিপন্থী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় শিক্ষকদের হাতে থাকা দুটি ব্যানার কেড়ে নিয়ে তাতে আগুন দেন ছাত্রলীগের কর্মীরা।
পরে শিক্ষকদের বাঁচাতে এলে পুলিশের সামনেই ছাত্রদলের দুই নেতাকে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ক্যাম্পাসের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ভাস্কর্যে ফুল দেওয়ার পর কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শহীদ জিয়া স্মৃতি সংসদ ও জিয়া পরিষদের যৌথ উদ্যোগে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একাত্মতা পোষণ করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে শিক্ষকদের হাতে থাকা দুটি ব্যানার কেড়ে নিয়ে তাঁদের ওপর হামলা করার চেষ্টা করেন। পরে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষকদের বাঁচাতে এলে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম ও ছাত্রদলের নেতা মু. ইয়াছিনকে বেধড়ক মারধর করেন। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে ছাত্রলীগের সনেট ও জাহিদ নামের দুই কর্মী তাঁদের লাঞ্ছিত করেন। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জিয়া পরিষদের সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। আমাদের সামনেই ছাত্রদলের দুই নেতাকে মারধর করল। সভ্য দেশে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা একটি ন্যক্কারজনক ঘটনা।’
তবে শিক্ষকদের ওপর হামলার কথা অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বলেন, ‘মানববন্ধনে উপস্থিত কিছু ছাত্রদলের নেতা উসকানিমূলক বক্তব্য দিলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। আমরা ছাত্রদলকে বাধ দিয়ে কর্মসূচি পালন করতে শিক্ষকদের অনুরোধ করি।’
এদিকে ঘটনার প্রতিবাদে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রচার সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় রাস্তায় গাছ ফেলে অবরোধের পর শিক্ষকবাহী একটি গাড়ি ভাঙচুর করেন। তবে এতে কেউ হতাহত হননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, ‘অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করায় তা আমাদের জানা ছিল না। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।’