বিএনপিপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন
বহিরাগত সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদ ও নিয়োগ-বাণিজ্য বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা।
তবে সেশনজটের আশঙ্কায় ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। শুক্রবার রাতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আওয়ামীপন্থী শিক্ষকেরা কিছু কিছু ক্লাস-পরীক্ষা নিয়েছেন।
এদিকে সেশনজটের আশঙ্কায় ক্লাস ও পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বেলা সাড়ে ১১টায় মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপিপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। সোনালি দলের সভাপতি মো. ইদ্রিস মিয়া বলেন, দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে।