বিএনপিবিহীন নির্বাচনেও আওয়ামী লীগেই উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনটি হতে পারত একেবারে সাদামাটা। উত্তাপহীন। কারণ, নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এ আসনে জাতীয় পর্যায়ের কোনো নেতা না থাকায় এ নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের তেমন আগ্রহ থাকবে বলে মনে হচ্ছিল না। তবে সরকারদলীয় প্রার্থী নির্বাচন নিয়ে জটিলতা ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, নির্বাচনে বিএনপি না থাকলেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে নির্বাচন বেশ ভালোই জমে উঠছে। গত ৩১ অক্টোবর উপনির্বাচন পরিচালনা এবং বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরউল্লাহ টাঙ্গাইল আসেন। তাঁরা কালিহাতীর এলেঙ্গা রিসোর্টের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সভায় জেলা আওয়ামী লীগ, ঘাটাইল আওয়ামী লীগ, দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম অংশ নেন। তবে সভায় বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান অংশ নেননি। বরং আমানুর রহমান খান অন্যদের মাধ্যমে জানিয়ে দেন, তিনি কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। দলীয় সূত্র জানায়, মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ওই দুই সদস্য উপস্থিত নেতাদের জানিয়ে দেন, ভুল হোক আর শুদ্ধ হোক দল যাঁকে মনোনয়ন দিয়েছে তাঁকে বিজয়ী করে আনতে হবে। সভায় ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছেন। তবে বিদ্রোহী প্রার্থীর অবস্থান সব মহলকে কৌতূহলী করে তুলেছে। আমানুর রহমানের সমর্থকদের ধারণা, সরকার চাইবে যেকোনো মূল্যে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে। এ অবস্থায় সহিংসতাসহ নির্বাচনী কারচুপির আশঙ্কা করছেন তাঁরা। শহরগোপিনপুর গ্রামের ভোটার আমানত মিয়া বলেন, ‘নৌকা হাইরা গেলে তো সরকারই হারল। সরকার কী হারতে চাইব?’ ডৌজানি গ্রামের ভ্যানচালক এনামুল হক বলেন, ‘ভাবছিলাম বিএনপি নির্বাচনে আইল না। আমুলীগ খালি মাঠে গোল দিব। এহন দেহি আমুলীগই মহা ঝামেলায়।’ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হেস্টিংস বলেন, উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের অধিকাংশ একযোগে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানের পক্ষ নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আলী মিয়া জানান, কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ অধিকাংশই আমানুর রহমানের পক্ষে। বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, যেকোনো অবস্থায় তিনি নির্বাচন করবেন। তাঁর দাবি, তিনিই নির্বাচনে বিজয়ী হবেন। শহিদুল ইসলামের পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস হোসেন, পৌরসভা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, ঘাটাইল জিবিজি কলেজের সাবেক ভিপি শহীদুজ্জামান খান। নিজেদের অবস্থান সম্পর্কে মজিবর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সব খোঁজখবর নিয়ে দলের ত্যাগী নেতা শহিদুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন। নেতাদের মধ্যে কেউ বিরোধিতা করলে কোনো সমস্যা হবে না। কারণ, তৃণমূলের ভোটাররা আমাদের পক্ষে। তাই আমাদের জয় সুনিশ্চিত।’আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় ও জেলা নেতাদের নির্দেশে সবাই তাঁর পক্ষে কাজ করবে বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, তৃণমূলের অধিকাংশ নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা তিনগতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এখন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল তিন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান ও জাতীয় পার্টির সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।