রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দুই প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা। অভিমান করে তাঁরা উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত-সমর্থিত প্রার্থীর নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন। ওই প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন বলে জানিয়েছেন বিএনপির অনেক কর্মী-সমর্থক।
বাঘায় নির্বাচন হচ্ছে কাল বৃহস্পতিবার। কাগজে-কলমে এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে তিনজনই বিএনপির রাজনীতি করেন। পাঁচ প্রার্থী হলেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলম ও উপজেলা জামায়াতের আমির জিন্নাত আলী।
বিএনপির নেতা-কর্মীরা জানান, চেয়ারম্যান পদে বিএনপির চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি আবদুল্লাহ আল মামুনকে সমর্থনের ঘোষণা দিলে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাকি তিনজনের মধ্যে আবদুল গণি মণ্ডল প্রতীক পাওয়ার পর সরে দাঁড়ান।
এদিকে জেলা বিএনপির ঘোষণার পাঁচ দিন পর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ তাঁর নিজ প্যাডে জাহাঙ্গীর আলমকে দলীয়-সমর্থিত প্রার্থী বলে ঘোষণা করেন। এরপর আবদুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর হোসেন দুজনেই বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণায় নেমে পড়েন। এতে নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরকে নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার আড়ানী কার্যালয়ে গেলে তাঁদের রেখেই দলীয় সমর্থকেরা উঠে চলে যান।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির অনেক ক্ষুব্ধ কর্মী জামায়াতের প্রার্থীর পক্ষে একাধিক নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন। ২০ ফেব্রুয়ারি বিএনপির কর্মীরা গিয়ে জামায়াতের প্রার্থী জিন্নাত আলীকে উপজেলার পীরগাছা কার্যালয়ে নিয়ে আসেন।
প্রার্থী জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পীরগাছা গ্রামে গিয়ে দলীয় সমর্থকদের তোপের মুখে পড়েন। এ সময় স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রার্থী জাহাঙ্গীরের সঙ্গে যে নেতারা এসেছেন তাঁরা বলছেন, জামায়াত আওয়ামী লীগের চেয়েও খারাপ। তাদের ভোট দেওয়া যাবে না। তিনি জানতে চেয়েছেন জামায়াত এত খারাপ হলে তাদের কেন ১৯-দলীয় জোটে রাখা হয়েছে। বিএনপির একক প্রার্থী না হলে তাঁরা জামায়াতকেই ভোট দেবেন।
আরেকজন সমর্থক বলেন, ‘আমাদের দলের নেতারা কি “এরশাদ” হয়েছে? তাঁরা সকালে এক কথা আবার বিকেলে আরেক কথা বলছেন।’
সমর্থক তানভীর বলেন, বিএনপির একাধিক প্রার্থী থাকায় কেউ পাস করবেন না। তাই তাঁরা ভোট নষ্ট না করে জামায়াতের প্রার্থীকেই ভোট দেবেন। প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, দলের বিভক্তির কারণে এখানে বিএনপির লোকজন জামায়াতকে সমর্থন করছেন। এটা আগামী দিনে দলের জন্য খুব ক্ষতিকর হবে।
সেখান থেকে চলে যাওয়ার সময় জাহাঙ্গীরের একজন নেতা চিৎকার করে বলেন, ‘জাহাঙ্গীর হোসেনের মার্কা ঘোড়া। আমরা তাঁর জন্য ভোট চেয়ে গেলাম। আপনারা যাঁকে খুশি তাঁকে ভোট দিয়েন।’ বাঘা উপজেলা বিএনপির সভাপতি নূরুজ্জামান খান বলেন, ‘বিএনপির কর্মীরা জামায়াতের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন—এটা আমি বলতে চাই না। যদি কিছু কর্মী যায় সে জন্য রাজশাহী জেলা বিএনপি দায়ী। তারা যদি আবদুল্লাহ আল মামুনকে চাপ দিয়ে বসিয়ে দিত, তাহলে তিনি সরে দাঁড়াতেন। কর্মীরাও জামায়াতের দিকে ঝুঁকত না।’
জামায়াতের প্রার্থীকে বিএনপির কর্মীদের ভোট দেওয়ার আগ্রহের ব্যাপারে প্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ক্ষোভে আমাদের কর্মীরা জামায়াত-জামায়াত করছে। আমি ওই সব জায়গায় যেতে পারিনি। গেলেই সব ঠিক হয়ে যাবে।’