আন্দোলনে ব্যর্থতার দায় কার—এ নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আবার প্রকট হয়ে উঠেছে বলে দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এরই জের ধরে সাদেক হোসেন খোকা গতকাল বুধবার আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, তিনি বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক পদে আর দায়িত্ব পালন করতে চান না। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও এ কথা জানিয়েছেন।
সাদেক হোসেন খোকা এমন এক সময় এ ঘোষণা দিলেন, যখন বিএনপি মহানগর কমিটি পুনর্গঠনের তৎপরতা চলছে। দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে আহ্বায়ক করে যেকোনো সময় মহানগর কমিটি ঘোষণা করতে পারেন খালেদা জিয়া। কমিটির সদস্যসংখ্যা ২১ থেকে ২৫ সদস্যের হতে পারে।
অবশ্য ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই আন্দোলনে ব্যর্থতার জন্য দলের মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর কমিটি। কারণ, সারা দেশে কমবেশি নেতা-কর্মীরা রাস্তায় নামলেও রাজধানী ঢাকায় কাউকে নামাতে পারেনি বিএনপি। এ জন্য গত ১০ ফেব্রুয়ারি খালেদা জিয়া দলীয় বৈঠকে মহানগর কমিটির নেতাদের ভর্ৎসনা করেছিলেন। অবশ্য মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা নির্বাচনের এক মাস আগে ৪ ডিসেম্বর গ্রেপ্তার হন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান।
অবশ্য গতকাল নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা দাবি করেন, আন্দোলনে ঢাকা মহানগর কমিটি পুরোপুরি ব্যর্থ, এটা তিনি মনে করেন না। বরং তিনি ঢাকার আন্দোলনে ব্যর্থতার জন্য দায়িত্বপ্রাপ্ত ছয় নেতাকে পরোক্ষভাবে দায়ী করেন। তিনি বলেন, ‘ব্যর্থতার জন্য কাউকে চিহ্নিত করতে হলে প্রথমে এই ছয়জনকে করতে হবে। তারপর আসবে মহানগরের নেতারা কে কোথায় কী দায়িত্ব পালন করেছেন, কে কে সহায়তা করেনি, আদেশ মানেনি।’
সাদেক হোসেন খোকা বলেন, নির্বাচনের দেড় মাস আগে ঢাকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে মহানগরকে আট ভাগে ভাগ করে তিনি নিজেসহ আটজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকিরা হলেন: আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ, বরকত উল্লাহ, সালাউদ্দিন ও আবদুস সালাম। এঁদের মধ্যে তিনি ও হান্নান শাহ গ্রেপ্তার ছিলেন। বাকি যাঁরা বাইরে ছিলেন, আন্দোলন গড়ে তোলার দায়িত্ব তাঁদের ওপর বর্তায় বলে খোকা মন্তব্য করেন।
ব্যর্থতার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খোকা বলেন, ‘আমাদের দলের ভেতরে কেউ কেউ এ রকম কথা বলে ব্লেইম গেইম (পরস্পর দোষারোপ) করছেন। তাঁরা এটি ভুল করছেন।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্যসচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, শামসুল হুদা, আলী আজগর মাতব্বর, নবী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দলীয় একাধিক সূত্র জানায়, খোকার গতকালের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পুরোনো অন্তঃকোন্দলের পাশাপাশি নতুন উপবিরোধেরও আলামত দেখা দিয়েছে। কারণ, মঙ্গলবার রাতে সাদেক হোসেন খোকাসহ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় প্রভাবশালী একাধিক নেতা বৈঠক করেন। কথা ছিল, সংবাদ সম্মেলনে মহানগর কমিটির সবার অব্যাহতি নেওয়ার ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে এত দিন ধরে যাঁরা এ কমিটিতে ছিলেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ যাতে বিবেচনায় নেওয়া হয়, সে আবেদনও জানানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এতে বিক্ষুব্ধ মহানগর কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে বলেন, এই সংবাদ সম্মেলন মূলত একজনের রাজনৈতিক ‘স্টান্টে’ (চমকবাজি) পরিণত হয়েছে।
সাদেক হোসেন খোকা প্রায় সাড়ে ১৭ বছর ধরে ঢাকা মহানগর বিএনপির সভাপতি বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ঘোষিত ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ব্যর্থ হওয়ার কারণে মহানগর কমিটি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপর বিএনপির ঢাকা কমিটি পুনর্গঠন করা না-করা নিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে চলমান ‘শীতল যুদ্ধ’ আরও জোরালো হয়। বিশেষ করে, সাদেক হোসেন খোকার সঙ্গে দলের স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ একটি অংশের বিরোধের বিষয়টি ছিল অনেকটাই প্রকাশ্য।