২৩ মার্চ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কমপক্ষে ২০টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনা ঘটে। বিএনপি-সমর্থিত প্রার্থী ও ওই দলের লোকেরা কোনো প্রতিরোধ করেননি। কেবল প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের কোনো সত্যতা প্রশাসন পায়নি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেন।
ভূঞাপুর আর গোপালপুর নিয়ে জাতীয় সংসদের টাঙ্গাইল-২ আসন। আজ সোমবার গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করেন, ভূঞাপুরের মতো গোপালপুরেও ভোট জালিয়াতির ঘটনা ঘটবে। গোপালপুরে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। তাই ভোটারদের আশঙ্কা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট কারচুপি হলে এই উপজেলায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটবে।
গোপালপুরে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী রয়েছে। কোন্দল না থাকায় দুটি দলের নেতা-কর্মীরা নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন ইউনূস ইসলাম তালুকদার আর বিএনপির আবদুল কাদের কবির উজ্জ্বল।
ভোটারদের এ আশঙ্কার ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ বলেন, গোপালপুর, মির্জাপুর, ঘাটাইল এবং টাঙ্গাইল সদরে ভোট সুষ্ঠু করতে তাঁরা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপালপুরের দিকে তাঁদের আলাদা নজর থাকবে।
টাঙ্গাইলের অন্য উপজেলাগুলোর তুলনায় গোপালপুরে রাজনৈতিক সহিংসতা এবং হানাহানির ঘটনা অনেক বেশি। এই উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। যে দল যখন ক্ষমতায় সেই দল তখন বিরোধী পক্ষের বিরুদ্ধে মামলা করে। ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির অনেক নেতাই এলাকায় ছিলেন না। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের কারণে তাঁরা এলাকায় এসেছেন। ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনও এখন গোপালপুরে।
গোপালপুর বাজারে কথা হয় স্থানীয় জামাল মিয়ার সঙ্গে। তিনি জানান, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালে আওয়ামী লীগ ও বিএনপির সহিংসতায় তাঁর পরিচিত এক তরুণের মৃত্যু হয়েছে। এ ধরনের মৃত্যু কাম্য নয়। তবে উপজেলা পরিষদ নির্বাচনেও ওই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন তিনি। মোসলেমউদ্দিন নামের এক চা-বিক্রেতা বলেন, এই উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমান জোর। তাই কেউ কাউকেই ছেড়ে কথা বলবে না। এতেই রক্তারক্তি হয়ে যাবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালপুরের বাসিন্দা শামসুল আলমের কথায়ও একই সুর শোনা গেল। তিনি প্রথম আলোকে বলেন, এই উপজেলায় ক্ষমতাসীন দলের লোকজন ভোট জালিয়াতি করার চেষ্টা করলে বিএনপির লোকজন বসে থাকবে না। তারা প্রতিরোধ করবে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইউনূস ইসলাম বলেন, তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন চান। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরাই বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সহিংসতা করতে আশপাশের এলাকা থেকে সন্ত্রাসী এনে গোপালপুরে জড়ো করেছে।