বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাউজান আ.লীগ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাউজান থানা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বরং বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসীদের লালন-পালনের অভিযোগ আনেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।উত্তর জেলা বিএনপি ৮ মে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে রাউজানের নবনির্বাচিত মেয়র দায়িত্ব পালন করতে পারছেন না। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলার আরও কয়েকটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপিসমর্থিত প্রার্থীদের বাধা দিচ্ছে আওয়ামী লীগের ক্যাডাররা।আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছত্রছায়ায় লালিত সন্ত্রাসী ফজল হক, আবু তাহের, জানে আলম, রমজান আলী, বিধান বড়ুয়া, হারুনের নেতৃত্বে বিশাল সন্ত্রাসী বাহিনী রাউজান এলাকা সন্ত্রাসের জনপদে পরিণত করে। সন্ত্রাসীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর পুড়িয়ে দেয়।