বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়: ইসি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম। আজ রোববার দুপুরে বিএনপির অভিযোগের পরপরই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বিএনপির অভিযোগগুলো ঢালাও অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ নয়।

সচিবের ব্রিফিংয়ের আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গিয়ে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।

এ প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) কিংবা যেকোনো নির্বাচনে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু অভিযোগগুলো ঢালাও। অভিযোগে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে কখন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কে করেছে। দলটি একটি অভিযোগও করেনি যে ওই সময়, ওই জায়গায়, ওই ব্যক্তি ওই ঘটনাটি ঘটিয়েছে। আমি মনে করি, যে অভিযোগগুলো এসেছে তা ঢালাও অভিযোগ। ঢালাও অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ এলে অবশ্যই কমিশন ব্যবস্থা নেবে। সে জন্য কমিশনকে তথ্য দিতে হবে।’