যাচাই-বাছাইয়ের পর ভোলা সদর পৌরসভা নির্বাচনে আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব প্রার্থীর মধ্যে ছয়জন বিএনপি-সমর্থিত। জেলা বিএনপি একে ‘পাতানো খেলা’ বলে আখ্যা দিয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম প্রস্তাবকারীর সই জাল করেছেন। বিলকিস জাহান হলফনামায় সম্পত্তির হিসাব সঠিকভাবে দেননি। আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী শওকাত হোসেন তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলার কথা হলফনামায় উল্লেখ করেননি। বশির আহমেদ হাওলাদার হলফনামায় আয়কর ও সম্পত্তির হিসাব সঠিক দেননি। মোবারক আলম শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। কাদের কিবরীয়া বাবার মৃত্যুর বিষয়টি গোপন করেছেন, আয়কর ফাঁকি দিয়েছেন এবং সম্পত্তির সঠিক হিসাব হলফনামায় উল্লেখ করেননি।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজনীন আক্তার ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা আয়করের সঠিক হিসাব দেননি। এসব কারণে ওই আটজনের মনোনয়ন বাতিল হয়েছে।