বিরোধী দল বিএনপির ডাকা হরতালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু নিজের অবৈধ সম্পত্তি রক্ষার জন্যই হরতাল দিয়ে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলার কোনো অধিকার খালেদা জিয়ার নেই। এই হরতাল জনগণ প্রত্যাখ্যান করবে। গত শুক্রবার সন্ধ্যায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় তিনি এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) আদালতে গিয়েছিলেন এবং আদালত তাঁকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে তিনি কেন এই হরতাল ডেকেছেন?’শেখ হাসিনা আরও বলেন, ‘সেনাবাহিনীর সম্পত্তি এত দিন ধরে অবৈধভাবে ভোগদখল করায় খালেদা জিয়ার উচিত জনগণকে ক্ষতিপূরণ দেওয়া।’ বিরোধীদলীয় নেত্রীর গুলশানের বাড়িটি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির মন্ত্রিসভাই ওই বাড়ি তাঁকে বরাদ্দ দিয়েছিল। ওই বাড়ি নিয়ে তিনি কেন ব্যবসা করেছেন, এর ব্যাখ্যা জনগণকে দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার অবৈধ সম্পত্তি রক্ষার জন্য আন্দোলনের নামে বিএনপি যদি জনগণকে ভোগান্তিতে ফেলতেই থাকে, তাহলে জনগণ ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য হবে।’প্রধানমন্ত্রী বলেন, এর আগে বিএনপির নেতৃত্বাধীন সরকার তাঁর ছোট বোন শেখ রেহানার নামে বরাদ্দ করা বাড়ি বাতিল করে সেখানে পুলিশ স্টেশন নির্মাণ করেছিল।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আর এই দল ক্ষমতায় এলেই জনগণের কল্যাণে কাজ করে। কিন্তু কিছু লোক কখনোই আওয়ামী লীগের সদিচ্ছা ও কল্যাণমুখী কার্যক্রমকে ভালোভাবে গ্রহণ করে না। প্রবাসীদের দেশের দূত অভিহিত করে শেখ হাসিনা বলেন, ‘প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আপনাদের কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক অঙ্গনে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’প্রবাসীরা তাঁদের অবস্থা ও প্রয়োজনের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব সময় প্রবাসীদের স্বার্থের ব্যাপারে মনোযোগী এবং ইতিমধ্যে তাঁদের জন্য ভোটাধিকার, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, বিশেষ অর্থনৈতিক এলাকা গড়ে তোলাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।পররাষ্টমন্ত্রী দীপু মনি ও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান এ সময় উপস্থিত ছিলেন।জাপান সফর শুরু আজ: প্রধানমন্ত্রীর পাঁচ দিনের জাপান সফর শুরু হচ্ছে আজ। তিনি গতকাল জাপানের উদ্দেশে ব্রাসেলস ত্যাগ করেছেন। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান ও বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।পাঁচ দিনের এই সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক এবং দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি একাধিক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেবেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।