বিএনপির অস্তিত্ব দেশের জন্য ভালো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপির অস্তিত্ব বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো নয়। সময় এসেছে বিএনপিকে চ্যালেঞ্জ করার। গতকাল রোববার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে ‘ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার সংগ্রাম এবং চলমান রাজনৈতিক সংস্কৃতি’ শীর্ষক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা-৩ উপস্থাপন করেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভের চেয়ারম্যান মেসবাহ কামাল।
হেফাজতে ইসলামের উত্থান ও জামায়াতের তাণ্ডবের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রস্তুত হইনি। প্রস্তুতি দরকার ছিল। যুদ্ধাপরাধীদের বিচার হলে মরণকামড় দেবে—এর জন্য প্রস্তুতি থাকা দরকার ছিল।’ কবীর চৌধুরী সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তিনি সাম্প্রদায়িকতা ঘৃণা করতেন। অন্যরা যাতে এতে আচ্ছন্ন না হতে পারে, সে জন্য যা করার সব করতেন।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মান্নান স্মরণে চাঁদপুরের এক সভার কথা উল্লেখ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া মাওলানা মান্নানকে মহান আলেম আখ্যা দিয়ে বক্তৃতা করেন। তাঁকে উদ্দেশ করে অনেক প্রশংসা
করেন। অথচ মুক্তিযুদ্ধের সময় মান্নান তাঁর (শ্যামলী নাসরিন) সামনে আলীম চৌধুরীকে ধরে নিয়ে হত্যা করেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, হেফাজতে ইসলাম ও জামায়াতকে তোষামোদ করলেও তারা আওয়ামী লীগকে ভোট দেবে না। এটা জেনেও কেন তোষামোদ করা হয়?
মেসবাহ কামাল বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, এর মূল ভূমিকায় জামায়াত। সঙ্গী হিসেবে ছিল বিএনপি। আওয়ামী লীগের একাংশও পিছিয়ে ছিল না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নির্মূল কমিটির উপদেষ্টা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও কবীর চৌধুরীর মেয়ে শাহীন কবীর।