বিএনপির আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
নারায়ণগঞ্জে মিছিল থেকে আটক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়ণঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামানের আদালতে হাজির করা বিচারক তাঁদের কারাগারে পাঠান।
গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলা করেন। এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সভাপতি সাখাওয়াত হোসেন খান, সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম প্রধানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আজ বুধবার আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ‘বিএনপির নেতা-কর্মীদের আটকের পর পুলিশ হামলা ও বিস্ফোরক আইনে মিথ্যা মামলা করেছে। ওই মামলায় আমাকেও আসামি করা হয়েছে।’
এদিকে আটক নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবি করেছে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এ টি এম কামাল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে সোমবার বিকেলে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নিতে আসার সময় মিছিল থেকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমানসহ আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ।