বিএনপির আন্দোলনে সংঘাতের আশঙ্কা নেই: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আন্দোলনে সংঘাতের আশঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না।
সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
ঈদের পর বিএনপির কঠোর আন্দোলনের ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তা করতে পারে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করবে। আশা করি তারা সেভাবেই তা করবে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না।’
বিএনপির আন্দোলনের হুমকিতে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না। দেশের জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
বিএনপির আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের দলীয় প্রস্তুতি সম্পর্কে প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের দল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত।’ তিনি বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় মানুষ স্বস্তিতে ঈদ করতে পেরেছে।