
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, বরং আন্দোলনে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ পরাজিত হয়েছে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে রুক্কু শাহ ক্রিয়েটিভ পাবলিশার্স আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ তারেক রহমান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। বইটির লেখক আখতার মাহমুদ।
ফখরুল বলেন, হতাশাই শেষ কথা নয়, সব সময় রজনীর পর নতুন সূর্যোদয় হয়। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে। জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। সারা দেশে বিচারবহির্ভূতভাবে বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে।
বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রকাশনা উত্সবে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেড এম জাহিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।