বিএনপির আন্দোলনের মুরোদ নেই: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম। ফাইল ছবি
কামরুল ইসলাম। ফাইল ছবি

দেশে কোনো রাজনৈতিক সংকট না থাকায়, এ মুহূর্তে নির্বাচন ও সংলাপের প্রয়োজন নেই বলে মনে করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির আন্দোলনের সাংগঠনিক শক্তি নেই। তাই তাদের আন্দোলন করার মুরোদও নেই।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় কামরুল এ মন্তব্য করেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না এসে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তাদের যে সাংগঠনিক অবস্থা তাতে নতুন করে জনগণকে সম্পৃক্ত করার দক্ষতা নেই। তিনি বলেন, একাত্তরে পরাজিত শক্তি জামায়াতে ইসলামীর গর্ভ থেকেই বিএনপির জন্ম। তাই জন্মদাতাকে তারা ছাড়তে পারছে না।

পদ্মা সেতু প্রসঙ্গে কামরুল বলেন, ‘যখন পদ্মা সেতু হওয়ার পথে ছিল, তখন দেশের একজন স্বনামধন্য ব্যক্তি কূটকৌশল করে বাধা সৃষ্টি করেছিলেন। এখন পদ্মা সেতু হচ্ছে। আশা করি, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে চলতে পারব।’


দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বলেন, বিএনপি-জামায়াত মিলে যাতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সভাপতি জিন্নাত আলী খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।