বিএনপির আপত্তি, তাই ইভিএম ব্যবহার হবে না: শাহনেওয়াজ
প্রধান বিরোধী দল বিএনপির আপত্তির কারণেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা করছে না। গতকাল বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। শাহনেওয়াজ বলেন, বিএনপি শুরু থেকেই ইভিএমের বিরোধিতা করে আসছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপ তারা বর্জন করেছে। যে কারণে এখনই সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত হবে না। তা ছাড়া আগের কমিশন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যে সংলাপ করেছে, সেখানেও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পক্ষে বেশি মত এসেছে। বর্তমান ইভিএম ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, নরসিংদী পৌরসভা নির্বাচনে একটি যন্ত্রে ত্রুটি দেখা দিয়েছিল। সেই যন্ত্রের ফল পাওয়া যায়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার পরই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। কমিশনার এ সময় আরও জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে। এ জন্য বুয়েটের সঙ্গে পরামর্শ করা হয়েছে।