বিএনপির আমলের, তাই আলোর মুখ দেখেনি?
বগুড়া শহরের ভেতর দিয়ে প্রবাহিত করতোয়া নদীর দূষণ ঠেকাতে এবং পানিপ্রবাহ স্বাভাবিক রেখে শহরটির সৌন্দর্যবর্ধনে হাতে নেওয়া ১৩৬ কোটি টাকার ‘করতোয়া নদী উন্নয়ন প্রকল্প’ বা ‘মডেল বগুড়া’ প্রকল্প ছয় বছরেও আলোর মুখ দেখেনি৷
বিএনপি-জামায়াত শাসনামালের শেষের দিকে ২০০৬ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল৷ দুই বছর ধরে সমীক্ষা শেষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে ২০০৮ সালে ওই প্রকল্পের প্রস্তাব একনেক ও মিন্ত্রসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়৷ এরপর প্রকল্পটি ‘অজ্ঞাত’ কারণে আটকে যায়৷
বগুড়ার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত৷ আর এ কারণে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বগুড়ার উন্নয়নের ব্যাপারে উদাসীন৷ বিদ্বেষপূর্ণ রাজনীতির শিকার হচ্ছে বগুড়া৷ করতোয়ার প্রাণ ফেরাতে এবং বগুড়া শহরের উন্নয়নের জন্য হাতে নেওয়া গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন না হওয়াটা তারই প্রমাণ বহন করে৷
প্রকল্পটি বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বগুড়া পৌরসভাকে সম্পৃক্ত রাখা হয়েছিল৷ বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে মৃত করতোয়াকে বাঁচানো যেত৷ পাল্টে যেত বগুড়া শহরের চেহারা৷ তিনি বলেন, ‘যত দূর জেনেছি, প্রকল্পটি একনেকের সভায় ওঠার আগেই আটকে যায়৷ যত সময় গড়াবে, প্রকল্পটি বাস্তবায়নের ব্যয় ততটা বেড়ে যাবে৷’
পাউবোর বগুড়া কার্যালয় থেকে জানা গেছে, ১৩৬ কোটি টাকার এই প্রকল্পে করতোয়া নদীর পূর্ব তীরে ১০ দশমিক ৬ কিলোমিটার এবং পশ্চিম তীরে ৯ দশমিক ১৭ কিলোমিটার বাঁধ নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল৷ এ ছাড়া পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সাড়ে ৪৭ কিলোমিটার করতোয়া নদী পুনঃখনন, নদীর বিভিন্ন বাঁকে পানিপ্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, এ জন্য নদী সোজা করতে এক কিলোমিটার খনন, শহরতিলর মাদলা এলাকায় একটি রাবার ড্যাম নির্মাণ, নদীর ঢালে সাড়ে তিন কিলোমিটার সিসি ব্লক, সাড়ে তিন কিলোমিটার ঢাল উন্নয়ন, শহরের দুটি স্থানে দুটি নান্দনিক ঘাট নির্মাণ, নদীর পানি কাজে লাগাতে চারটি জলকপাট (স্লুইচগেট) নির্মাণ, করতোয়া-সংলগ্ন সুবিল খালে ছয়টি বক্স কালভার্ট এবং ৪০০টি খুঁটি নির্মাণ করার প্রস্তাব রয়েছে৷
জেলা শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা সারোয়ার আলম বলেন, দখল আর দূষণে করতোয়ার অস্তিত্ব এখন বিপন্ন৷ প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়াকে বাঁচানো সম্ভব ছিল৷
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে পৈতৃক ভিটা হওয়ার কারণে তারেক রহমান নিজে গোটা শহরকে ঢেলে সাজিয়েছেন৷ করতোয়াকে ঘিরে শহর সাজানোসহ আরও অনেক প্রকল্প বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক বিদ্বেষের কারণে আটকে দিয়েছে৷ কোনো কোনো প্রকল্প বাতিল করেছে৷ গত ছয় বছরে বগুড়া শহরের উন্নয়নে বর্তমান সরকার এক টাকা কোথাও ব্যয় করেছে বলে মেয়র হিসেবে আমার মনে পড়ে না৷ অথচ করতোয়া ঘিরে শহরের সৌন্দর্যবর্ধনে হাতে নেওয়া ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া এত দিনে নান্দনিক শহরে পরিণত হতো।’