বিএনপির আরও তিন নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে গতকাল অতিরিক্ত পুলিশ সরে গেছে। দুপুরে তোলা ছবি প্রথম আলো
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে গতকাল অতিরিক্ত পুলিশ সরে গেছে। দুপুরে তোলা ছবি প্রথম আলো

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতাদের আবার ধরপাকড় শুরু করেছে পুলিশ। তবে গুলশানে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসার সামনে থেকে প্রতিবন্ধকতা ও বাড়তি পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। শিথিল করা হয়েছে বাড়ির নিরাপত্তাব্যবস্থা।

গতকাল মঙ্গলবার পুলিশ বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতাকে আটক করেছে। তাঁরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। এ ছাড়া বিএনপির সাংসদ নাজিমউদ্দিন আহমেদকে বিকেলে আটক করা হলেও রাতে ছেড়ে দেওয়া হয়।

এঁদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মাহবুব হোসেনকে, গুলশান থেকে সেলিমা রহমানকে এবং অপর দুজনকে বারিধারার একটি বাসা থেকে আটক করা হয়। বারিধারার ওই বাসাটি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে জানা গেছে।

আটকের পর সবাইকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, গত ২৮ ডিসেম্বর ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়া এবং তারপর নাশকতা হওয়ায় খন্দকার মাহবুবকে আটক করা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী তাৎক্ষণিক সমিতি ভবনে সংবাদ সম্মেলন করে খন্দকার মাহবুব হোসেনের অবিলম্বে মুক্তির দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খন্দকার মাহবুব জাতীয় প্রেসক্লাবে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখান থেকে বেলা সোয়া দুইটার দিকে বের হওয়ার পরপরই প্রেসক্লাবের গেটের কাছ থেকে তাঁকে আটক করা হয়। খন্দকার মাহবুব বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সেলিমা রহমান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গুলশানে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবিতে হরতালের সময় বাড়ানো ও নতুন কিছু কর্মসূচি ঘোষণা করেন। এর এক ঘণ্টার মাথায় একই ভবনে তাঁর ভাইয়ের ফ্ল্যাট থেকে সেলিমা রহমানকে আটক করে পুলিশ।

আর, ফজলুল হক ও নাজিমউদ্দিনকে বারিধারার একটি বাসা থেকে বেলা তিনটার দিকে আটক করা হয়। ওই বাসায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান ও হারুনুর রশিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাও ছিলেন। পুলিশ প্রথমে ওই বাড়িতে অভিযান চালিয়ে সবাইকে নিচে নামিয়ে আনে। এরপর তাঁদের গাড়িতে তোলা হয়। পরে আবার সবাইকে গাড়ি থেকে নামানো হয়। কিছুক্ষণ পর বাকিদের রেখে এই দুজনকে নিয়ে যায় পুলিশ।

খালেদার বাড়ির ‘নিরাপত্তা’ শিথিল: গত ২৯ ডিসেম্বর রোববার ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন। ওই কর্মসূচির আগের দিন শনিবার রাত থেকে খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাড়ি থেকে বেরোনোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।

কিন্তু গতকাল নিরাপত্তাব্যবস্থা শিথিল করা হয়েছে। বাড়ির সামনে থেকে অতিরিক্ত প্রায় দুই প্লাটুন পুলিশ সরিয়ে নেওয়া হয়। সড়কে কোনো প্রতিবন্ধকতা রাখা হয়নি। ওই বাড়িতে ঢোকার জন্য পুলিশের বাধা পেরোনোর দরকার পড়ছে না। এখন বাড়ির সামনে কয়েকজন পুলিশ ও খালেদার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন।

গত ২৮ ডিসেম্বর থেকে পুলিশ কার্যত খালেদার বাসভবনকে অবরুদ্ধ করে রাখে। এখন আর সেই অবস্থা না থাকলেও খালেদা জিয়া গতকাল বাসা থেকে বের হননি। তবে গত সোমবার রাতে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি এ জে মোহাম্মদ আলী খালেদা জিয়ার বাসভবনে যান। গতকাল বিএনপির কোনো নেতাকে খালেদা জিয়ার বাসভবনে যেতে দেখা যায়নি।

গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় হরতাল: প্রথম আলোর সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা জানান, ফজলুল হক মিলনকে আটকের প্রতিবাদে তাঁর নিজ জেলা গাজীপুরে এবং খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

এ ছাড়া ভোলা জেলা যুবদলের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলমকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা ভোলায় দিনভর বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে। জেলা যুবদল আজ বুধবার সকাল-সন্ধ্যা ভোলায় হরতাল ডেকেছে।