বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগীতশিল্পী আসিফ আকবরের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্রে বিএনপির আরও দুই নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আমিন উর রশিদ ইয়াছিন এবং জেলা বিএনপির সদস্য মাহে আলম। এ নিয়ে অভিযোগপত্রে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মোট ২০ নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্ত হলো।মামলা সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি কুমিল্লার একটি রেস্তোরাঁয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যুবদল ও ছাত্রদলের একদল নেতা-কর্মী আসিফ আকবরের ওপর হামলা চালায়। আসিফ এ ঘটনায় আমিন উর রশিদ ইয়াছিনসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। গত ৯ ফেব্রুয়ারি আদালতে আমিন উর রশিদ ইয়াছিন ও মাহে আলমকে বাদ দিয়ে ১৮ জন নেতা-কর্মীর নামে অভিযোগপত্র দেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুুজ্জামান। আসিফ নারাজি দিয়ে পুনঃ তদন্তের আবেদন করেন। আদালত তাঁর আবেদন গ্রহণ করেন। সে পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবীর পুনরায় মামলাটির তদন্ত করেন। গত রোববার তিনি অভিযোগপত্রে ওই দুই নেতার নাম অন্তর্ভুক্ত করেন। মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করছেন। আমরা বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’আসিফ আকবর বলেন, ‘ঘটনার দিন ওই দুই নেতা প্রত্যক্ষভাবে হামলার নেতৃত্ব দেন। অথচ প্রথম অভিযোগপত্রে তাঁদের নাম ছিল না।’