বিএনপির আশা পূরণ হওয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রধান বিরোধী দল বিএনপির ‘দেশ অচল করে দেওয়া কর্মসূচি’ সম্পর্কে বলেছেন, সব ইচ্ছা পূরণ হয় না, বিএনপির ইচ্ছাও পূরণ হবে না। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইচ্ছাগুলো যদি ঘোড়া হতো, তাহলে হয়তো সেটা পূরণ হতো। কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। বিএনপির যে আশা সে আশাও পূরণ হবার নয়। কঠোর আন্দোলনে যাওয়ার মতো শক্তি বিএনপির নেই।’

মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অধিকার বিএনপির নেই। বিশৃঙ্খলা হলে তা কঠোরভাবে দমন করা হবে। দমন করার ক্ষমতা সরকারের আছে। 

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন এ হত্যাকাণ্ডগুলো দলীয় কোন্দলের কারণে ঘটেছে। সরকার এতে আতঙ্কিত না হলেও উত্কণ্ঠিত। এ ধরনের হত্যাকাণ্ড প্রতিকারে যা যা করা দরকার, সরকার তা-ই করবে। 

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্গাপূজার সময় যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে আজকের বৈঠকে।