কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদ্যবিদায়ী সভাপতি জসিম উদ্দিন অভিযোগ করেছেন, তাঁর উপজেলায় বিএনপির বৈধ কমিটি থাকা সত্ত্বেও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে সেখানে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির সহসভাপতি ফরিদ উদ্দিন, হুমায়ুন কবীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয় তৃণমূলের নেতা-কর্মীদের না জানিয়েই ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি আগের কমিটি বহাল রাখার দাবি জানান নেতারা। এ সময় নতুন কমিটি গঠনের জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে অভিযুক্ত করা হয়।জসিম উদ্দিনের ভাষ্যমতে, ২০১০ সালের ২৯ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ২৪ জানুয়ারি কেন্দ্র থেকে ৫০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে শওকত মাহমুদকে আহ্বায়ক করা হয়েছে।সংবাদ সম্মেলনে ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্যবিলুপ্ত কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শওকত মাহমুদের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আমার নাম দেখে অবাক হয়েছি। অনুমতি না নিয়েই আমাকে ওই পদে রাখা হয়েছে।’অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শওকত মাহমুদ গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জসিম উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটিতে রাখা হয়নি। বেগম জিয়ার চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চে তিনি আলাদাভাবে অংশ নিয়েছেন। ওই কারণে তিনি কমিটিতে নেই। আহ্বায়ক কমিটি নিয়ে কথা বলার কোনো এখতিয়ারও তাঁর নেই। কেন্দ্র যে কমিটি দিয়েছে, সে কমিটিই বৈধ। সদ্যবিলুপ্ত কমিটির সহসভাপতি ও শিদলাই ইউনিয়নের চেয়ারম্যানের অভিযোগ প্রসঙ্গে শওকত মাহমুদ বলেন, শিদলাই ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেই তাঁকে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এখন অস্বীকার করলে কিছু বলার নেই। গত ২৪ জানুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ৫০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।