বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়ের চেয়ে ব্যয় বেশি। ২০১৪ পঞ্জিকা বছরে দলটি ব্যয় করেছে ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা। একই সময়ে দলটির আয় হয় ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ ৬৫ লাখ ৫৫ হাজার ১৬ টাকা বেশি।
নির্বাচন কমিশনে বিএনপির জমা দেওয়া হিসাব বিবরণীতে দলটির আয়-ব্যয়ের এই তথ্য দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও বিএনপির অ্যাকাউন্টস অ্যান্ড অডিট কর্মকর্তা ওমর ফারুক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে গত বছরের হিসাবের নথি জমা দেন।
হিসাব জমা দেওয়ার পর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আয়ের অতিরিক্ত যে খরচ হয়েছে, তা সঞ্চিত টাকা থেকে খরচ করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া অনুদান, দলীয় সদস্যদের মাসিক চাঁদা এবং সদস্য ফরম বিক্রি থেকে টাকা আয় হয়েছে। আর যাতায়াত, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ইফতার মাহফিল, অফিস খরচ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনকে ব্যয়ের খাত হিসাবে দেখানো হয়েছে।
২০১২ ও ২০১৩ সালেও আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল। ২০১৩ পঞ্জিকা বছরে দলটির আয় ছিল ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা এবং ব্যয় ছিল ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। ২০১২ সালে আয় ছিল ১ কোটি ৭৯ লাখ ১২ হাজার ২৩১ টাকা এবং ব্যয় ছিল ২ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ১৪৩ টাকা।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা। ওই সময়ের মধ্যে ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দল হিসাব জমা দেয়। আওয়ামী লীগ ও বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন হিসাব জমা দেওয়ার সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।
গত সপ্তাহে কমিশন বলেছে, হিসাব জমা দেওয়া ২৫টি দলের মধ্যে ২২টির হিসাব ত্রুটিপূর্ণ। কমিশন সচিবালয় থেকে এসব দলকে নতুন করে হিসাব জমা দিতে বলা হয়েছে।