বিএনপির ইকবাল হাসান মাহমুদ কারাগারে
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে খালেদা জিয়ার জনসমাবেশের কাছে ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর, ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ১০টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় ইকবাল হাসান মাহমুদ আজ আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত সূত্র জানায়, ইকবাল হাসান মাহমুদ বেলা সাড়ে ১১টায় আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ জাফরোল হাসান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত, মামলার বিবরণী ও দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর মুলিবাড়িতে রেললাইনের পাশে জনসমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সমাবেশ শুরু হওয়ার আগে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছয়জন বিএনপি কর্মী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ দলের নেতা-কর্মীরা ট্রেনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ১০টি মামলা হয়। এসব মামলায় ইকবাল হাসান মাহমুদসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার আইনজীবী এস এম নাজমুল ইসলাম জানান, ১০টি মামলার মধ্যে তদন্ত কর্মকর্তারা সাতটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। বিশেষ ট্রাইব্যুনালের মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত ইকবাল হাসান মাহমুদের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ইকবাল হাসান মাহমুদ সোমবার আদালতে হাজির হওয়ার সময় শত শত নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তাঁকে আদালত থেকে পুলিশ ভ্যানে জেলহাজতে নেওয়ার সময় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কড়া পুলিশি পাহারায় ইকবাল হাসান মাহমুদকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।