বিএনপির ইফতার মাহফিলে ককটেলের বিস্ফোরণ
মিরসরাইয়ে বিএনপির একাংশের ইফতার মাহফিলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে। জানা গেছে, জোরারগঞ্জ সোনালী ক্লাবে বিএনপির জোরারগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক গাজী নিজাম উদ্দীন, যুবদলের উপজেলা শাখার আহ্বায়ক শাহীনুল ইসলাম প্রমুখ।
যুবদলের উপজেলা শাখার আহ্বায়ক শাহীনুল ইসলাম জানান, ইফতারের আগে সোনালী ক্লাবের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। ইফতারের পরে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, ক্লাবসংলগ্ন দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটকা করা হয়নি।
বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ ইফতার মাহফিলকে বাধাগ্রস্ত করতে শাসক দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।’