বিএনপির ইফতারে ককটেল বিস্ফোরণ
কেন্দ্র থেকে ঘোষিত আন্দোলন কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের আগ মুহূর্তে কমিউনিটি সেন্টারের গাড়ি রাখার জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আলোচনা সভায় এম মোরশেদ খান বলেন, ‘ঈদের পরই সরকার পতন আন্দোলনের কর্মসূচি আসছে। এই আন্দোলন কর্মসূচি আগের চেয়ে আরও কঠোর হবে। আমাদের চেয়ারপারসন সেই কর্মসূচি ঘোষণা করবেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই সবাইকে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে অংশ নিতে হবে।’
ইফতার মাহফিল ও আলোচনায় অংশ নেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেন্দ্র থেকে কঠিন কর্মসূচি আসছে। স্থানীয়ভাবে আমরা সংগঠিত। চট্টগ্রাম থেকেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।