বিএনপির ইভিএম আর ইসির ইভিএম এক নয়: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সংবাদ সম্মেলন করে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রদর্শন করেছে, তার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ইভিএমের মিল নেই। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের মেশিনে হ্যাকিং বা কারচুপির কোনো সুযোগ নেই। এম সাখাওয়াত হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। এর আগে মঙ্গলবার বিএনপির সংবাদ সম্মেলনে একটি ইভিএম মেশিন প্রদর্শন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এই মেশিনের মাধ্যমে ভোট কারচুপি করা সম্ভব। সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি না দেখেই ইভিএম পদ্ধতির বিরোধিতা করছে। নির্বাচনে কারচুপি করতে হলে সব মেশিনের সফটওয়্যার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে তিন লাখ মেশিনে রাতারাতি সফটওয়্যার পরিবর্তন করা সম্ভব নয়। সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, তা পরবর্তী নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমরা প্রস্তুতি রেখে যাচ্ছি।’ তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, দেশে এখন বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।