বিএনপির এই বিবৃতি কাম্য ছিল না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তার করা নিয়ে বিএনপি যে বিবৃতি দিয়েছে, তা সরকারের কাম্য ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তিনি বলেছেন, আটক হওয়া জামায়াত নেতাদের পক্ষে বিবৃতি দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগসহ বিভিন্ন মামলায় গত মঙ্গলবার জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হলে রাতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন দল ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্য দমন-পীড়ন চালাচ্ছে। তিনি জামায়াতের নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করেন।বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার জানত যে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে। কিন্তু তারা যে যুদ্ধাপরাধীদের বিচার চায় না, তা সরকার নিশ্চিত ছিল না।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জামায়াত বা অন্য কারও হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না এবং তারা কোনোভাবেই যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। দেশবিরোধী কোনো কার্যকলাপে জড়িত থাকলে বাধা দেওয়া হবে। এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গণতন্ত্রের চেতনায়’ কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিবিরের বর্তমান প্রজন্ম ‘ইসলামী ছাত্রসংঘ’ থেকে আসেনি। তাদের উচিত যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন না করা। এদিকে সরকার নাশকতার আশঙ্কা করছে কি না, বৈঠক শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পুলিশের আইজি নূর মোহাম্মদ নেতিবাচক উত্তর দেন। তবে সব ধরনের নাশকতা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।