নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লা আল-মামুন। তিনি বিএনপির উপজেলা কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের চাচাতো ভাই।
গত শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সীরহাটের একটি কমিউনিটি সেন্টারে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আবদুল্লা আল-মামুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আবদুল্লা আল-মামুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা নিশ্চিত করে গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জ্যেষ্ঠ নেতারা ভবিষ্যতে তাঁর বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়ে দলের স্বার্থে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আমি তাঁদের সঙ্গে একমত হয়েছি।’
আবদুল্লা আল-মামুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও চেয়ারম্যান পদে এখনো বিএনপির দুই নেতা মাঠে থাকায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারছে না বিএনপি। দুই প্রার্থীর একজন বিএনপির তৃণমূলের নেতাদের মনোনীত প্রার্থী আবুল কালাম আযাদ। আরেকজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী মফিজুর রহমান।
কাজী মফিজুর রহমান নিজেকে কেন্দ্রীয় বিএনপির প্রার্থী হিসেবে অভিহিত করে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তবে দলীয় সূত্রের ভাষ্যমতে, ২০০৯ সালে বিএনপির যেসব নেতা-কর্মী সক্রিয়ভাবে তাঁর পক্ষে মাঠে কাজ করেছেন, তাঁদের বেশির ভাগই এবার তাঁর সঙ্গে নেই। তাঁরা কাজ করছেন আবুল কালাম আযাদের পক্ষে।
বিচ্ছিন্নভাবে দলের কিছু কর্মী-সমর্থক কাজী মফিজুরের পক্ষে কাজ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরাও তাঁর পক্ষে রয়েছেন বলে এলাকায় প্রচার রয়েছে। কিন্তু ওই প্রচারণাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা জামায়াতের আমির এয়াছিন করিম।
কাজী মফিজুরের প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, ‘এ বিষয়ে কেন্দ্র থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরা তৃণমূলের মনোনীত প্রার্থী আবুল কালামকে বিজয়ী করার জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের নিয়ে কাজ করছি।’