বিএনপির এক পক্ষের বিরুদ্ধে বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মৌলভীবাজার বড়লেখা উপজেলা শাখার একাংশের সভাপতি দারাদ আহমদ দলের অপর অংশের নেতাদের বিরুদ্ধে তাঁর স্থাপিত বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ করেছেন। গত রোববার লিখিতভাবে থানায় তিনি এ অভিযোগ করেন।
দল থেকে জানায়, দারাদ আহমদ (বিএনপির জেলা শাখার সভাপতি এম নাসের রহমানের অনুসারী) রোববার সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী ও তাঁর সমর্থক বিএনপির উপজেলা শাখার অপর অংশের সভাপতি আবদুল হাফিজ এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ করেন। অভিযোগে দারাদ আহমদ বলেন, তিনি বড়লেখা-১ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। তিনি উপজেলার বিভিন্ন স্থানে খালেদা জিয়া, তারেক জিয়া এবং তাঁর ছবিসংবলিত ১২০টি বিলবোর্ড ও ব্যানার দীর্ঘদিন ধরে টাঙিয়ে রেখেছেন। দলের অপর অংশের নেতাদের নির্দেশে তাঁর ৪২টি ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া ও ভাঙচুর করা হয়েছে। রোববার অপর অংশের ইফতার পার্টিতে এম নাসের রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নাসের রহমান ইফতার পার্টিতে আসবেন না জেনে তাঁকে ওই পক্ষ দায়ী করে। পরে ওই পক্ষ গত শনিবার রাতে তাঁর বিলবোর্ড-ব্যানার ভেঙে ও ছিঁড়ে ফেলে। এ বিষয়ে আবদুল হাফিজ বলেন, ‘ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া বা ভাঙা সম্পর্কে আমি কিছুই জানি না। দীর্ঘদিন ধরে দারাদ বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়ে রেখেছেন। নানা কারণে কেন্দ্রীয় কমিটি দারাদকে বিএনপি থেকে অব্যাহতি দিয়েছে। এর পরও তিনি নিজেকে উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি দাবি করছেন।’ বড়লেখা থানার ওসি মো. সেলিম নেওয়াজ বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।