বিএনপির একক প্রার্থী আ.লীগের চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি একক প্রার্থী দিতে পারলেও আওয়ামী লীগ পারেনি। এ পদে আওয়ামী লীগের চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে প্রার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর জমে উঠেছে প্রচার-প্রচারণা।
১৯ মে গাজীপুর সদর উপজেলা পরিষদে ভোট হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের চারজনই আওয়ামী লীগের নেতা। অন্য দুজনের একজন বিএনপি ও অপরজন ইসলামী ঐক্যজোটের।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশন গঠন করার সময় ভাওয়াল মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন দুটি বাদ রাখা হয়। পরে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ভাগ করে তিনটি ইউনিয়ন পরিষদ করা হয়। নতুন অন্য দুটি ইউনিয়ন হলো ভাওয়ালগড় ইউনিয়ন ও পিরুজালী ইউনিয়ন। এই চার ইউনিয়ন নিয়েই গাজীপুর সদর উপজেলা পরিষদ। এখানে ভোটার সংখ্যা এক লাখ পাঁচ হাজার ১৮৫। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ৮৬৪ জন ও মহিলা ৫২ হাজার ৩২১ জন।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে দলীয়ভাবে সমর্থন নিতে একাধিক প্রার্থী দৌড়ঝাঁপ করেন। কিন্তু এখন পর্যন্ত কেউ দলীয় সমর্থন পাননি। নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হলে আওয়ামী লীগের একািধক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এঁদের কয়েকজন ৩ মে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একক প্রার্থী নির্ধারণে জেলা আওয়ামী লীগের নেতারা একাধিক বৈঠক করেন৷ কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এখন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার নেতা লড়ছেন৷ এঁরা হলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীনা পারভীন এবং ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা।
বিএনপির দলীয় সূত্র জানায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইজাদুর রহমান।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহনেওয়াজ দিলরুবা খান জানান, নির্বাচনে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করা হলে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি পর্যবেক্ষণ করার জন্য মাঠে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবেন। ১৯ মে ৪৪টি কেন্দ্রের ২৯০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।