বিএনপির একক প্রার্থী আওয়ামী লীগে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি এককভাবে দলের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেও আওয়ামী লীগ কোন্দলে ব্যস্ত রয়েছে।
উপজেলাগুলো হচ্ছে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও রামু। তফসিল অনুযায়ী ২৩ মার্চ কুতুবদিয়া ও রামু এবং ৩১ মার্চ অপর তিনটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ ও ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সম্প্রতি দলের পক্ষ থেকে পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টেকনাফে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল, উখিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, রামুতে উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী, কুতুবদিয়ায় জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী। ইতিমধ্যে প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগসহ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এই পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী কোন্দলে জড়িয়ে পড়েছেন।
দলীয় সূত্র জানায়, গত শনিবার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় দলের একক প্রার্থী হিসেবে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু তার আগে দলের স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি দলের একক প্রার্থী হিসেবে সদ্য দলে যোগদানকারী সাবেক বিএনপির নেতা জাফর আলমকে মনোনয়ন দেন। এ নিয়ে দলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, দলের একক চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী। এর বাইরে কেউ প্রার্থী হলে কেন্দ্র ব্যবস্থা নেবে।
কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দুজন। এঁরা হলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ বলেন, এই উপজেলায় দলের একক প্রার্থী হচ্ছেন শফিউল আলম। ৬ মার্চ মনোয়ার আলম মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।
দলীয় সূত্র জানায়, উখিয়ায় দলের প্রার্থী দুজন। এঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী ও সহসভাপতি আবুল মনছুর চৌধুরী।
রামু উপজেলায় তিনজন। এঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা আবদুল মাবুদ ও জেলা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন।
আবুল হোসেন ও আবদুল মাবুদ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের দলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলের আশীর্বাদপুষ্ট। কমল ও কাজল আপন ভাই হলেও রাজনীতি নিয়ে দুজনের মধ্যে বিরোধ রয়েছে।
সোহেল সরওয়ার কাজল বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা দলের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁকেই আবার মনোনয়ন দিয়েছেন। এর বাইরে কেউ প্রার্থী হওয়ার সুযোগ নেই।
কক্সবাজার সদর উপজেলায় প্রার্থী তিনজন। এরা হলেন জেলা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার চার বারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবু তালেব ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সন্মেলন নিয়ে শীর্ষ নেতারা একাধিক দলে বিভক্ত হয়ে পড়েছেন। এর জের হিসেবে উপজেলায় চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী ঘোষণা করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, তাই প্রতিটা উপজেলায় দলের একাধিক প্রার্থী হচ্ছেন। ফলে একক প্রার্থী ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা দলের একক প্রার্থী ঘোষণা দেব। এরপর কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে বহিষ্কার করা হবে।’