বিএনপির একক প্রার্থী ইকবাল হোসেইন

ইকবাল হোসেইন
ইকবাল হোসেইন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রকৌশলী এম ইকবাল হোসেইন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।

ইকবাল হোসেইন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, ইকবাল হোসেইন দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি গৌরীপুর উপজেলার রাজনীতির সঙ্গেও যুক্ত। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাওয়ায় স্থানীয় বেশির ভাগ নেতা-কর্মী তাঁকে সমর্থন দেন।

গতকাল দুপুরের পর ইকবাল হোসেইনের চূড়ান্ত মনোনয়নের খবরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতা-কর্মীরা জানান, বিএনপির প্রার্থী ইকবাল হোসেইনকে বিজয়ী করতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

ইকবাল হোসেইন প্রথম আলোকে বলেন, ‘দলীয় মনোনয়ন হচ্ছে আমার প্রতি দলের আস্থার প্রতীক। আশা করি, বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সেই আস্থার প্রতিদান দিতে পারব।’

এর আগে এই আসনে বিএনপির তিনজন প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।