বিএনপির একাংশকে নিয়ে গিয়াসের মহড়া
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ মুহামঞ্চদ গিয়াসউদ্দিন আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সোমবার হঠাৎ করে সোনারগাঁয়ে গাড়িবহর নিয়ে মহড়া দেন। এ ঘটনায় বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা গিয়াসউদ্দিনকে নদীখেকো ও সন্ত্রাসীদের গডফাদার আখ্যায়িত করে সোনারগাঁয়ে তাঁকে বর্জনের ঘোষণা দিয়েছেন।স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিক ভাগে বিভক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির একটি অংশের সঙ্গে সমঝোতা করে সোমবার সকালে ৫০টির বেশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে হঠাৎ করে সোনারগাঁয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ওই গাড়িবহরে সিদ্ধিরগঞ্জের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে দেখা যায় বলে খোদ বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন।নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, হত্যাসহ ২২ মামলার আসামি গিয়াসউদ্দিন ক্ষমতায় থাকাকালে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদী দখল করে অবৈধভাবে বালু-পাথরের ব্যবসা করেন। নদী দখলের কারণে তাঁকে সবাই নদীখেকো গিয়াস বলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি হত্যাসহ বিভিন্ন মামলায় জেল খাটেন।সোনারগাঁর সাবেক সাংসদ ও তৎকালীন প্রতিমন্ত্রী রেজাউল করিম বলেন, গিয়াসউদ্দিনের কৃতকর্মের কথা পুরো জেলাবাসীই জানে। তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সোনারগাঁয়ের বিএনপির নেতা-কর্মীরা তাঁর হঠাৎ এ ধরনের মহড়া ভালোভাবে নেননি।সোমবার গিয়াসউদ্দিনের গাড়িবহরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। এ ব্যাপারে তিনি বলেন, ‘দলকে চাঙা করার জন্যই তিনি এখানে মহড়া দিয়েছেন। দল যাঁকে মনোনয়ন দেয়, আমরা তাঁর পক্ষেই কাজ করব।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, গিয়াসউদ্দিন একজন বিতর্কিত নেতা। তিনি বিভিন্ন সময় দল পাল্টান, কয়েকজন সুবিধাবাদী নেতাকে নিয়ে তিনি মহড়া দিয়েছেন হঠাৎ করেই।উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, এ ধরনের নেতাদের বিএনপিতে স্থান হবে না। দলের কর্মীরাই তাঁকে প্রতিহত করবে। গিয়াসউদ্দিন বলেন, ‘মূলত দলকে চাঙা করতেই হঠাৎ এ কর্মসূচি। আমার বিরুদ্ধে নেতা-কর্মীরা যেসব অভিযোগ করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। আর মামলাগুলো ছিল রাজনৈতিক ও হয়রানিমূলক। কেন্দ্রীয় বিএনপির উচ্চপর্যায়ের নির্দেশেই আমি দলকে গোছানোর দায়িত্ব নিয়েছি।’