বিএনপির একাংশের কর্মসূচি বন্ধ করে দিল অন্য পক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুই দিন মাইকে প্রচার করেও শেখ মোহাম্মদ হাবীবের পক্ষের বিএনপির নেতা-কর্মীরা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে পারেননি। গতকাল তাঁদের এই কর্মসূচি উদ্বোধন করার কথা ছিল।

কেন্দ্রীয় সহসভাপতি আহমেদ আযম খানের পক্ষের উপজেলা বিএনপির দাবি, ‘ওরা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। তাই ওদের কর্মসূচি পালনে আমরা বাধা দিয়েছি।’ তবে ওই পক্ষের দাবি, ‘পুলিশি বাধায় আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠান করা যায়নি।’ তবে পুলিশ বলছে, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এড়াতে আগের রাতেই ফোন করে ওই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সদস্য সংগ্রহ কর্মসূচি ঘিরে সখীপুরে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিএনপির দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।

বিএনপির দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আহমেদ আযম খানের পক্ষের বিএনপি ৪ আগস্ট উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে। ওই একই স্থানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের পক্ষের নেতা-কর্মীরা সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করতে যান। এ সময় ওই পক্ষের নেতারা হামলা করে তাঁদের (হাবীব পক্ষ) মাইক ভাঙচুরসহ তিনজনকে মারধর করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

সর্বশেষ গতকাল শেখ মোহাম্মদ হাবীবের পক্ষের নেতারা সখীপুর আরআরকে কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করে। গত দুই দিন ওই কর্মসূচি পালনের লক্ষ্যে সখীপুর পৌর শহরে মাইকিং ও চিঠি দিয়ে প্রচারণা চালানো হয়। ওই কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

আহমেদ আযম খানের পক্ষের উপজেলা কমিটির সভাপতি শাজাহান সাজু গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ওই পক্ষের নেতা শেখ মোহাম্মদ হাবীবসহ তিনজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় বিএনপি গত ১৩ জুলাই চিঠি দিয়ে তাঁদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেন। ফলে ওরা আর এখন বিএনপির কেউ নন। তাই ওদের তথাকথিত কর্মসূচিতে আমরা বাধা দিয়েছি।’

 এ বিষয়ে শেখ মোহাম্মদ হাবীব গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আরআরকে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে আমরা করতে পারিনি।’ ওই পক্ষের বিএনপির বাধা প্রসঙ্গে ওই নেতা জোর দিয়ে বলেন, ‘ওদের ক্ষমতা নেই আমাদের অনুষ্ঠান বন্ধ করার।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে গত সোমবার রাতে শেখ মোহাম্মদ হাবীবকে গতকালের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য ফোন করা হয়। এরপর তিনি স্বেচ্ছায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করেননি।

মৌলভীবাজারে একাংশের কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একাংশের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম গতকাল বিকেল চারটায় উদ্বোধন করা হয়েছে। বিএনপির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বাধীন সদর উপজেলা বিএনপি এই কার্যক্রমের আয়োজন করে। পৌরসভা মিলনায়তনে কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জেলা কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।