বিএনপির ও আ.লীগের প্রার্থী স্থানীয়ভাবে চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে গত রোববার বরিশাল, কুষ্টিয়া ও মেহেরপুরে স্থানীয়ভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এ ছাড়া রাজবাড়ীতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন বোর্ডের সদস্য সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, উজিরপুরে উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, বাকেরগঞ্জে বর্তমান মেয়র লোকমান হোসেন, গৌরনদীতে বর্তমান মেয়র মো. হারিচুর রহমান, মেহেন্দিগঞ্জে বর্তমান মেয়র মো. কামাল উদ্দিন খান, মুলাদীতে বর্তমান মেয়র সফিকউজ্জামান রুবেল ও বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র শীলকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া গৌরনদীতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকিরের নাম চূড়ান্ত করেছে বিএনপি।
কুষ্টিয়া: কুষ্টিয়ার পাঁচটি পৌরসভায় বিএনপি মেয়র পদে তাদের প্রার্থীর নাম চূড়ান্ত করে ঢাকায় পাঠিয়েছে। সদরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, কুমারখালীতে উপজেলা বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, খোকসায় পৌর যুবদল নেতা নাফিজ আহমেদ, মিরপুরে পৌর বিএনপির সভাপতি রহমত আলী ও ভেড়ামারায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজার নাম চূড়ান্ত করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মেহেরপুরের গাংনীতে মেয়র পদে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির পক্ষ থেকে হেলাল মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদরে মো. শুকুর চৌধুরী, পাংশায় মো. তজিবর রহমানের নাম চূড়ান্ত করা হয়েছে। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।