বিএনপির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল হামিদ খান, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা জামিলুর রশিদ খান জানান, ইফতার শেষে বাড়ি ফেরার পথে দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিএনপি ও ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে গতকাল দুপুরে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থক নেতা-কর্মীরা জেলা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।