বিএনপির কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সম্মেলন করে জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন বিলুপ্ত কমিটির সদস্যরা।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার বিষয়টি জানানো হয়।
দলের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, মাঠপর্যায় পর্যন্ত দুই ভাগে বিভক্ত মাগুরা জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ৪ ডিসেম্বর। শহরের পারনান্দুয়ালীতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান ছিলেন। সম্মেলনে জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন হয়। কেন্দ্র এই কমিটিকে অনুমোদন দেয়।
অন্যদিকে কেন্দ্রীয় কোনো নেতার উপস্থিতি ছাড়াই মাগুরা শহরে বিএনপির আরেক পক্ষ সম্মেলন করে। ওই সম্মেলনে মোকাদ্দেস হোসেনকে সভাপতি ও ইকবাল আকতার খানকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।
আর এবার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদকে সদস্যসচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে বিলুপ্ত কমিটির সভাপতি কবীর মুরাদকে।
আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে গতকাল মঙ্গলবার দুপুরে কবীর মুরাদের পারনান্দুয়ালী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করা হয়। তবে সংবাদ সম্মেলনে কবীর মুরাদ উপস্থিত ছিলেন না। এতে বিলুপ্ত কমিটির সহসভাপতি আহসান হাবিব, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলী, পৌর বিএনপির সভাপতি মো. আয়ুব হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাউকে কিছু না জানিয়ে রাতারাতি ওই আহ্বায়ক কমিটি গঠনের কারণে বিএনপিতে দ্বন্দ্ব-সংঘাত আরও বাড়বে।
আহসান হাবিব বলেন, ‘আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে এই কমিটি গঠনের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আহ্বায়ক কমিটির সদস্যরা কোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে নেই। তাই আমরা এই আহ্বায়ক কমিটি থেকে মুক্তি চাই।’
কবীর মুরাদ বলেন, ‘পারনান্দুয়ালীর আমার বাড়িটি এখন বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। নতুন গঠন করা আহ্বায়ক কমিটি মেনে নিতে না পেরে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ওই সংবাদ সম্মেলন করেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেন্দ্র যা ভালো মনে করেছে তাই করেছে।’
নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি বড় দল। কিছু বিবাদ-বিরোধ থাকেই। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তাঁরা সুন্দর একটি জেলা কমিটি গঠন করতে পারবেন।