বিএনপির কমেছে, বেড়েছে আ.লীগের
পাঁচ ধাপে বরিশাল বিভাগের ৪২টি উপজেলার ৩৯টিতে নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৩১ মার্চ। এর মধ্যে ৩৭টি উপজেলার বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিতরা ৩১টি, বিএনপি চারটি, জামায়াত একটি ও জাতীয় পার্টি (জেপি) একটি করে পদে জয়ী হয়েছে।
অনিয়মের অভিযোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর দুমকি উপজেলায় ফলাফল স্থগিত রাখা হয়েছে। আর মামলার কারণে মেহেন্দীগঞ্জ উপজেলার নির্বাচন হচ্ছে না। তবে নবগঠিত উপজেলা তালতলী ও রাঙ্গাবালীর নির্বাচন পরবর্তী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০০৯ সালের নির্বাচনে এই বিভাগে বিএনপি চেয়ারম্যান পদে সাতটি উপজেলায় জয় পায়। বিএনপির সেই সাতজন চেয়ারম্যানের মধ্যে এবার শুধু পিরোজপুরের কাউখালী উপজেলার এস এম আহসান কবির পুনর্নির্বাচিত হয়েছেন। অন্য ছয়জনের মধ্যে তিনজন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং তিনজন হেরেছেন।
অন্যদিকে আওয়ামী লীগ গত নির্বাচনে চেয়ারম্যান পদ পায় ২৮টি। এবার চারটি বেড়ে হয়েছে ৩২। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি আগেরবারের চেয়ে কম জয় পেয়েছে। এবার ভাইস চেয়ারম্যান পদে বিএনপি পেয়েছে চারটি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ পেয়েছে ছয়টি। অথচ ২০০৯ সালের নির্বাচনে দুটি পদে বিএনপি পেয়েছিল ১৭টি।
ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা, ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী—এই চার জেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হতে পারেননি। কেবল বরগুনার বেতাগী ও পিরোজপুরে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছে বিএনপি। পিরোজপুরের সাতটি উপজেলার তিনটিতে বিএনপি ও একটিতে জামায়াত ও আরেকটিতে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জয়ী হয়েছেন। আওয়ামী লীগ জিতেছে দুটিতে।
অথচ গত নির্বাচনে পিরোজপুরের সাতটি উপজেলার তিনটিতে আওয়ামী লীগ জয় পেয়েছিল। জিয়ানগর উপজেলায় এবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জয়ী হন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের ২৩টি উপজেলায় বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-সমর্থিত ৭৬ জন প্রার্থী নির্বাচন বর্জন করেন। নির্বাচন শুরুর দু-তিন ঘণ্টার মধ্যে ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এসব প্রার্থী নির্বাচনী মাঠ ছেড়ে দেন।
বরগুনা জেলা বিএনপির সদস্য ও বর্তমানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (এবার নির্বাচনে প্রার্থী হননি) আবদুল খালেক বলেন, বরগুনায় গত নির্বাচনে দুটি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি জয়ী হয়েছিল। কিন্তু এবার মনোনয়ন দিতে ভুল করায় এবং জেলা বিএনপির নেতাদের আওয়ামী লীগপ্রীতির কারণে বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারেননি।
অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা তৃণমূল নেতাদের মতামত নিয়ে প্রার্থী দিয়েছি। আবদুল খালেকের মতো যেসব নেতা বিএনপির ভালো চান না, তাঁরা বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন। আর আওয়ামী লীগ তার সুযোগ নিয়ে ভোট ডাকাতি করেছে।’