বিএনপির কর্মকাণ্ডে বাধা আর সহ্য করা হবে না: আনোয়ার
‘বিএনপির বৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়া আর সহ্য করা হবে না’ বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে পুলিশ-র্যাব ছাড়া মাঠে আসুন, কারা মাঠে থাকে তখন দেখা যাবে।’১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন। একই সময়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কর্মসূচি নিয়ে মাঠ দখলে রাখবে বলে ইতিমধ্যে দলটির একাধিক নেতা ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে এম কে আনোয়ার আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘মাঠে আপনারা আসবেন না। কারণ, জনগণ আপনাদের সঙ্গে নেই।’হূদয়ে বাংলাদেশ নামে একটি সংগঠন ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মেজর (অব.) মো. হানিফ।এম কে আনোয়ার বলেন, বিদায়ী নির্বাচন কমিশনে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করলে, তা মেনে নেওয়া হবে না। তাঁরা দেশে অনেক সংকট সৃষ্টি করেছেন।বিএনপির এই নেতা বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলকে ক্ষমতায় রেখে আমরা কোনো নির্বাচনে যাব না।’সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।