বিএনপির কর্মসূচির বিরুদ্ধে কঠোর হবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন বানচালের জন্য বিএনপির কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার দলের ধানমন্ডির কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
বৈঠকে আওয়ামী লীগের নয়টি উপকমিটি গঠন করা হয়েছে। এইচ টি ইমাম বলেন, আগামী নির্বাচনে ১৫৪ আসনে একক প্রার্থী থাকলেও বাকি ১৪৬টি আসনে ভোট হচ্ছে। জাতীয় পার্টিসহ ১২টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। যেসব আসনে নির্বাচন হচ্ছে, সেসব আসনে মোট ৩৮৬ জন প্রার্থী রয়েছেন।
উপকমিটি গঠন: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির গতকালের বৈঠকে নয়টি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দপ্তরবিষয়ক উপকমিটির আহ্বায়ক এস কে হাবিবুল্লাহ, নির্বাচনী আইনবিষয়ক আহ্বায়ক ফজলে রাব্বি মিয়া, প্রশিক্ষণবিষয়ক আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, মিডিয়াবিষয়ক আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী, প্রচারবিষয়ক আহ্বায়ক আসাদুজ্জামান নূর, পেশাজীবী সমন্বয়বিষয়ক আহ্বায়ক ইয়াফেস ওসমান, নির্বাচনী পর্যবেক্ষণবিষয়ক আহ্বায়ক দীপু মনি, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষাবিষয়ক আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর এবং সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ।
যৌথ সভা: আওয়ামী লীগের সহযোগী সংগঠনের জরুরি এক যৌথ সভা গতকাল দলের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভিন্ন প্রতিনিধিদল জামায়াত-শিবিরের সাম্প্র্রতিক তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায় ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক সফর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।