বিএনপির কর্মিসভায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির কর্মিসভায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। গতকাল বুধবার মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দুটি করা হয়।গত সোমবার বিকেল চারটার দিকে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারের সামনে জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান ও সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর খালেদা রব্বানীর অনুসারীরা শহরের হাসপাতাল এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, যানবাহন ও কমিউনিটি সেন্টারে ভাঙচুর করার অভিযোগে এম নাছের রহমানের পক্ষের নেতা ছাদিকুর রহমান বাদী হয়ে খালেদা রব্বানীর পক্ষের নেতা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফয়জুল করিমসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরদিকে খালেদা রব্বানীর পক্ষের নেতা জুনেদ আহমদ বাদী হয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে নাছের রহমানের পক্ষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিতসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হাই দুটি মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।