বিএনপির কর্মী খুনের মামলা নেয়নি পুলিশ
মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের (বিএনপি) এক কর্মী নিহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা নেয়নি। উপরন্তু আওয়ামী লীগের লোকজন বিএনপির কর্মীর পরিবারের সদস্যদের মামলা দিলে হত্যা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ঘটনার আগে আওয়ামী লীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা নিয়েছে পুলিশ।উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ১৫ বিঘা জমির মালিকানা নিয়ে বিএনপির কর্মী খায়বার মাস্টারের সঙ্গে আওয়ামী লীগের কর্মী শামসুল হকের বিরোধ চলছিল। ২২ এপ্রিল শামসুল হক জমিটি দখল করতে শিমুলতলা গেলে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শামসুল হকের ছেলে আওয়ামী লীগের কর্মী মামুন (৩৪) গুরুতর আহত ও চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল মারা যান। এ সংবাদ পেয়ে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই দিন সকালে খায়বারসহ বিএনপির ১৮ কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় হামলাকারীদের পিটুনিতে রুস্তুম আলী (৫০) মারা যান। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘গাংনীতে হামলায় নিহত ১, ভাঙচুর’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।মামুন মারা যাওয়ার ঘটনায় শামসুল হক ২৪ এপ্রিল গাংনী থানায় খায়বারসহ বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। বিএনপির কর্মী রুস্তুম আলীর মেয়ে শাহানাজ খাতুন অভিযোগ করেন. তাঁরা থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। রুস্তুম আলীর ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেন, মামলা করলে তাঁদের হত্যা করা হবে বলে আওয়ামী লীগের কর্মীরা হুমকি দিয়েছেন। শামসুল হক দাবি করেন, রুস্তুম আলী হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যরা মামলা দিলে হত্যা করা হবে—এ ধরনের কোনো হুমকি আওয়ামী লীগের কর্মীরা দেয়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন মারা গেছেন। মামুনের পক্ষে থানায় হত্যা মামলা করেছে তাঁর পরিবার। রুস্তুমের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে কেন মামলা নেওয়া হয়নি— জানতে চাইলে ওসি দাবি করেন, রুস্তুম আলীর পরিবারের কেউ মামলা করতে আসেনি। তারা মামলা করতে চাইলে পুলিশ মামলা নেবে।