বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল মতিন মোল্লার কর্মী-সমর্থকদের মারধর করা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
বিএনপির সাবেক সাংসদ আবুল হোসাইন খান অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ভয়ে বিএনপির কর্মীরা প্রচারণা চালাতে পারছেন না। পৌরসভার নির্বাচন হলেও আশপাশের ইউনিয়ন থেকে লোকজন এনে মহড়া দিচ্ছেন লোকমান হোসেন ডাকুয়া। মারধর করা ও ভয় দেখানো হচ্ছে কর্মী-সমর্থকদের।
এদিকে পৌর নির্বাচন নিয়ে ভয় ও শঙ্কার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।
১ নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে কথা হয় এসকেন্দার আলী হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, ‘কথা কইতে ভয় লাগে। কী কমু, কেডা আবার হুইন্যা বাধা দেবে। ভোট দেতে পারমু কি না, হেইডাই সন্দেহ।’
বিএনপির প্রার্থী আবদুল মতিন মোল্লার ভাতিজা মো. মিজান মোল্লা বলেন, গত শনিবার বিকেলে মতিন মোল্লার সঙ্গে তাঁর কর্মী-সমর্থকেরা হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মো. নাছির হাওলাদার ও রুহুল আমীন হাওলাদার নামে দুজনকে মারধর করেন লোকমান হোসেনের কর্মীরা। পরে বিএনপির সমর্থক ইউনুসসহ কমপক্ষে ৩০ জনকে বিএনপির পক্ষে কাজ না করার জন্য হুমকি দেওয়া হয়।
মতিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার পাশের ইউনিয়ন রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর, ভরপাশা ও গারুরিয়া এলাকা থেকে প্রতিদিন পাঁচ শতাধিক লোক এনে প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে; যারা পৌর এলাকায় মোটরসাইকেলের মহড়া দিচ্ছে। আমার সঙ্গে থাকায় কর্মী-সমর্থকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। কর্মীদের ভয় দেখানোর কারণে তাঁরা প্রচারণায় নামতে সাহস পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে না।’
লোকমান হোসেন ডাকুয়া বলেন, ‘আওয়ামী লীগের বিশাল কর্মীবাহিনী কাজ করছে। ঢালাওভাবে হুমকি, মারধরের অভিযোগ করলে তো হবে না। সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। আমি মনে করি এই অভিযোগ ভিত্তিহীন। বিএনপি অহেতুক ওই অভিযোগ তুলেছে।’