বিএনপির কর্মীকে পিটিয়ে বোমাসহ পুলিশে সোপর্দ করল আ.লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে একজন তরুণকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর তাঁকে পাঁচটি বোমাসহ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুজন কর্মী খুন হওয়ার ঘটনায় একই দলের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরগোয়াল গ্রামে এ ঘটে। আহত তরুণের নাম শিমুল (১৯)। তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের মালিথাপাড়ার আবু তালেবের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপির একটি পক্ষের সমর্থকেরা আওয়ামী লীগের দুজন কর্মী হাবিল উদ্দিন (৪০) ও আতহার আলীকে (৩৫) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে আওয়ামী লীগের কয়েকজন কর্মী শিমুল বিএনপি করায় তাঁর দুই হাত পিটিয়ে ভেঙে দিয়েছেন। পরে তাঁরা এ ঘটনা গণপিটুনি হিসেবে চালিয়ে দেওয়ার জন্য শিমুলকে বোমাসহ পুলিশে সোপর্দ করেছেন। গুরুতর আহত অবস্থায় এখন তিনি পুলিশি পাহারায় মেহেরপুর সদর হাসপাতালে সাধীন। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সা কর্মকর্তা সুলতানা পারভীন চম্পা জানান, শিমুলের দুই পায়ের আঘাত গুরুতর। মো. শিমুল অভিযোগ করেন, খুনের আগে থেকেই তিনি ঝিনাইদহে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার তিনি গ্রামে ফিরছিলেন। পথে গাংনী উপজেলার বামুন্দী পৌঁছালে লাবলু ও ব্যানা নামের দুই তরুণ তাঁকে নছিমন থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে মটমুড়া পুলের কাছে নিয়ে যান। সেখানে চরগোয়াল গ্রামের লালনসহ কয়েকজন লোহার রড ও শাবল দিয়ে তাঁকে পেটাতে থাকে। শিমুল আরও জানান, একপর্যায়ে তারা তাঁকে মোটরসাইকেলে তুলে তাঁর বাড়িতে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তারা তাঁর হাতে একটি বোমার ব্যাগ দিয়ে পুলিশে খবর দেয়। পরে ওই গ্রামের টহল পুলিশ তাঁকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। লালন দাবি করেন, শিমুলকে তিনি কিংবা তাঁর দলের কেউ মারধর করেননি। শিমুল ৬ এপ্রিল চরগোয়াল গ্রামে খুনের ঘটনার জেরে বিরাজমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত শান্তিসভা বোমা মেরে ভণ্ডুল করতে চেয়েছিলেন। তাই গণপিটুনিতে শিমুল আহত হন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে বোমাসহ আটক করে। গাংনী থানার এএসআই আনিসুর রহমান জানান, স্থানীয় তরুণদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা শিমুলকে বোমার ব্যাগসহ আটক করে নিয়ে আসেন।পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী জানান, এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি গাংনী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, শিমুলকে বোমাসহ আটক করার বিষয়ে তদন্ত চলছে। এ কারণেই শিমুলের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। গাংনী আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন জানান, শিমুলকে মারধরের ঘটনায় আওয়ামী লীগের কোনো কর্মী জড়িত নন।গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, আহত শিমুল তাঁদের দলের কর্মী।